
খুলনায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়ক খানজাহান আলী রোডে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম জেলার এ-সার্কেল অফিসে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ দিয়ে পালিয়ে যায়।
পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া ৪টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তার দুই হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুলনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








