ইলিশ
মাদারীপুরের শিবচরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নয়া দিগন্ত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পৃথিবীতে যে কয়টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে। ইলিশ দেশের জাতীয় সম্পদ। কিছুতেই এই সম্পদ নষ্ট করা যাবে না। দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মা ইলিশ ধরা যাবে না।’

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১ জন জেলে পরিবারের মাঝে প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ইলিশের নিরাপদ প্রজননের লক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একটি ছোট মা ইলিশ দেড় লাখ ডিম ছাড়তে পারে, আর দুই কেজির বড় ইলিশের ২০ লাখ ডিম ছাড়ার সম্ভাবনা থাকে। এতে বাড়বে ইলিশের উৎপাদন।’ 

মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বানের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদফতর ও রাজনৈতিক নেতাকর্মীদের তৎপর থাকতে অনুরোধ জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা, মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাদিরা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ আরো অনেকে।