নিহত তরুণ মো: মারুফ
নিহত তরুণ মো: মারুফ। নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার এক দিন পর বাড়ির পাশের পুকুরপাড় থেকে মো: মারুফ (২১) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজীবাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণ মো: মারুফ ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজীবাড়ি এলাকার মো: রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে নিজের মোবাইলফোনটি ভেঙে ফেলে মারুফ। পরে সে তার জামা-কাপড় একটি ট্রাভেল ব্যাগে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর মারুফ আর বাড়িতে ফিরে আসেনি।

পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার রাতে বাড়ির পাশে ধানক্ষেত সংলগ্ন পুকুরপাড়ে মারুফের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হযরত আলী মিলন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গলায় গামছা বাঁধা লাশটি পুকুরপাড়ের পাশে ধানক্ষেতের মধ্যে পড়ে আছে। গামছার একটি অংশ পুকুরপাড়ে থাকা গাছের ডালের মধ্যে বাঁধা ছিল, অপর অংশ লাশের গলায় পেঁচানো ছিল। গলায় থাকা গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে যাওয়ার কারণে সে ধানক্ষেতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।