
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো: আব্দুস সালামের (৫০) কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছীতে ভাড়া বাসায় থাকতেন।
সহকর্মীরা জানায়, কয়েক দিন ধরে শাখাটিতে অডিট চলছিল। এ সময় আব্দুস সালামকে হতাশাগ্রস্ত দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গ্যাস ট্যাবলেট সেবন করলে সহকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
শাখার কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে আব্দুস সালাম তাকে বলেছিলেন, আমাকে বাঁচতে দেয়া হলো না। আমি মারা যাব। পরে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান।
ঘটনার পর অডিট কমিটির সদস্যদের ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কমিটির তিন সদস্যকে থানায় নেয়া হয়।
রায়গঞ্জ থানার ওসি মো: আহসানুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অডিট কমিটির তিন সদস্যকে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








