
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধী দলীয় হুইপ সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান শিক্ষকদের দলবাজির ঊর্ধ্বে থেকে পড়াশোনা করে ক্লাসে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য।’
সোমবার (৫ অক্টোবর) জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সিরাজগঞ্জ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২৬ উপলক্ষে শিক্ষকদের কর্তব্য,অধিকার ও মর্যাদা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, ‘উন্নত বিশ্বে শিক্ষকদের মান-মর্যাদা সবচে উন্নত। তাদের জীবন মান, বেতন, সম্মান সবই উন্নত। শিক্ষার কথা মহান আল্লাহ পাক কোরআন নাজিলের শুরুতেই বর্ণনা করেছেন। বাংলাদেশের সকল সমস্যার মূল বিষয় হল নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা। একই দেশে মাদরাসা শিক্ষা ও জেনারেল শিক্ষা ব্যবস্থা কায়েম করে এদেশের মানুষকে বিভক্ত করে রাখা হয়েছে। মাদরাসা শিক্ষা কিংবা জেনারেল শিক্ষা কোনোটাতেই নৈতিক কিংবা পরিপূর্ণ ব্যবস্থা নেই।’
আল-হাদিসের উদ্ধৃতি তুলে ধরে প্রধান অতিথি বলেন ‘নবী মুহাম্মদকে (স:) পাঠানোই হয়েছে মানুষকে নৈতিক শিক্ষা প্রদানের জন্য।’
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শুধু ভালো রেজাল্ট করলেই তাকে ভালো শিক্ষা বলা যায় না। বিগত দিনে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম, গেস্টরুম কালচার ও নির্যাতন কালচারে পরিপূর্ণ ছিলো। দলবাজি ছিলো, চাঁদাবাজি ছিলো, গুম খুন ছিলো। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ওইসব কালচার দূর হয়েছে। কিন্তু আবার বিশ্ববিদ্যালয়গুলোতে চক্রান্ত চলছে, ফ্যাসিবাদ ও দলবাজি কায়েম করতে মরিয়া সরকার দলীয়রা।’
বিরোধী দলীয় হুইপ সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভূক্ত করতে হবে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে।’
তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আছে তারা যদি না করে আমরা ক্ষমতায় আসতে পারলে শিক্ষা জাতীয় করণ করা হবে। জুলাই বন্দোবস্তো ও গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ মাইন উদ্দীন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।
কাজীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনের সঞ্চালনায় সেমিনারে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, ড. আব্দুস সবুর, ড. আমিনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








