আল্লামা মামুনুল হক
সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না; যদি বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, তবে বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে। আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী, জালিম ও স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশী প্রভুরাও টিকিয়ে রাখতে পারেনি।’

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘রাড্ডা কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়; এই রাড্ডা কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। আপনাদের দলীয় ফোরামকে নিয়ন্ত্রণ করুন, গণভোটের গণরায় কার্যকর করুন। তেল, গ্যাস, বিদ্যুৎসহ জনগণের সমস্যা সমাধানের জন্য জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলুন।’

তিনি বলেন, ‘আপনার দলীয় মহিলা এমপি দখলদারি ও সন্ত্রাস করেছে। আপনারা সেই মহিলা এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সরিয়ে দিয়ে দলকে শুদ্ধ করতে চান? আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই—এই ব্যবস্থা প্রণয়নের জন্য প্রধানত আপনিই দায়ী। বিরোধী দলের প্রতিটি আসনে আপনার দলীয় মহিলা এমপিদের দায়িত্ব দিয়ে বিরোধী দলীয় এমপিদের অকার্যকর করার ষড়যন্ত্র করেছেন। বিরোধী দলীয় এমপিদের আসনে আপনার নারী এমপিরা সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, ভাঙচুর করবে! দলের নারী নেত্রীদের এই অবস্থা হলে, সে দলের পুরুষ চাঁদাবাজ ও দখলদারদের কী অবস্থা?’

মামুনুল হক আরো বলেন, ‘আমরা রাজপথে নামতে ৬ মাস সময় নিয়েছি, আর আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ৬ মিনিট সময়ও বিলম্ব করেননি। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, কারণ শপথ নিলে সরকার গঠন করা যায়, মন্ত্রী হওয়া যায়। একই দিনে, একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট হয়েছে। সেই ভোটে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আমাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নিয়েছেন—দেশের মানুষ তার সাক্ষী।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি খন্দকার আনোয়ার ও সাধারণ সম্পাদক আল আমিন রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।