শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মিরসরাইয়ে বিএসআরএম প্লান্ট পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের শিল্প প্লান্ট পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় মন্ত্রী বলেন, ‘দেশে ও বিদেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। জনগণের দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও যৌথভাবে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এসে প্রশিক্ষণ দিতে পারে। এভাবে ছোট পরিসরে হলেও একটি সফল ও দৃষ্টান্তমূলক মডেল তৈরি করতে চান তারা।’

মন্ত্রী আরো বলেন, ‘কর্মসংস্থান বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম সূচক। শিল্প প্রতিষ্ঠানে শ্রম আইন সঠিকভাবে বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’

পরিদর্শনকালে বিএসআরএমের কর্মপরিবেশ ও শ্রম আইন বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন মন্ত্রী। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হবে বলে জানান তিনি।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো: আবদুছ সামাদ আল আজাদ এবং বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।