
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘দেশের মানুষ হাসিনার অপশাসনের বিচার দেখতে চায়। তাই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।’
তিনি বলেন, ‘ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই ইতিহাস পাল্টানো যাবে না।’
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন। তার সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না।’
তিনি বলেন, ‘মাঝেমধ্যেই হুমকি দেয়া হয়, তিনি (হাসিনা) দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুক। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে।’
তিনি আরো বলেন, ‘আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








