
চট্টগ্রামের মিরসরাইয়ে এক দিনে পৃথক দুইটি স্থান থেকে দু’টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকা থেকে অজগর সাপ দু’টি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্রায় সাত ফুট ও অপরটি প্রায় আট ফুট লম্বা।
শুক্রবার উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর শাহজাহান মাস্টারের বাড়ির আঙিনা থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। খাবারের সন্ধানে লোকালয়ে এসে অজগরটি ধানক্ষেতের পাশে থাকা জালে আটকা পড়ে।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমকে জানায়। খবর পেয়ে স্নেক রেসকিউ টিমের বাংলাদেশ দলের সদস্য সালাউদ্দিন মাহাদী ও নওশিন হোসেন নিরব ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারী দলের সদস্য সালাউদ্দিন মাহাদী বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করছি। পরে ধানক্ষেতের পাশে থাকা জালে আটকা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করি।
একইদিন মিরসরাইয়ের ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মিয়াগ্রামের আজিজ মিয়ার বাড়ির আঙিনা থেকে প্রায় আট ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়। জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে অজগরটি উদ্ধার করা হয়। এ সময় রহিম উদ্দিন, আলতাফ হোসেন ও সাফায়েত সহযোগিতা করেন।
জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, অজগরটি লোকালয়ে চলে আসায় স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করি। পরে উদ্ধার করা অজগরটি মহামায়া ইকো-পার্কে অবমুক্ত করা হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








