বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সংগৃহীত

আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির আওতায় আনীত নোটিশের জবাবে তিনি এ কথা জানান। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ লক্ষ্যে দু’টি সম্ভাব্য রুট নিয়ে কাজ চলছে। এগুলো হলো ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে।

এর আগে, ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণে ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প নেয়া হয়। এর মধ্যে ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের প্রস্তাব রয়েছে।

সমীক্ষা প্রতিবেদনে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ অর্থনৈতিকভাবে লাভজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী বলেন, চলমান সমীক্ষা আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর দু’টি সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরো দুই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সর্বাধিক সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় রুট নির্ধারণ করা হবে।

তিনি আরো জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। সরকার আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে বরিশালসহ প্রস্তাবিত রুটের জেলাগুলো অগ্রাধিকার পাবে।

আগামী অর্থবছরের বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। বাসস