জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন। সংগৃহীত

প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন জমা দেয়ার বিধান পুনর্বহালের লক্ষ্যে জাতীয় সংসদে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

এর আগে, বিলটি সংসদে উত্থাপনের পর সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো ছাড়াই সরাসরি পাসের জন্য গ্রহণ করা হয়।

বিলটি পাসের আগে চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-৩৯-এর সাবিকুন্নাহার, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, সিলেট-৫ আসনের মো: আবুল হাসান, কুষ্টিয়া-২ আসনের মো: আবদুল গফুর, নীলফামারী-২ আসনের আলফারুক আব্দুল লতীফ, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, সংরক্ষিত নারী আসন-৪০-এর মোছা: নাজমুন্নাহার এবং পাবনা-৩ আসনের আলী আসগরসহ বিরোধী দলের ১০ জন সদস্য বিলটি জনমত যাচাইয়ে পাঠানোর দাবি জানান।

তবে অর্থমন্ত্রী তাদের আপত্তির জবাব দেন এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

বিলটি উত্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতিটি কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেয়ার বিধান করা হয়েছিল।

কিন্তু এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেয়ার কারণে সংশ্লিষ্ট ভ্যাটের অর্থও তিন মাস পর পর সরকারি কোষাগারে জমা হচ্ছে। ফলে প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর রাজস্ব জমা হওয়ায় সরকারের অর্থপ্রবাহ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হতে পারে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত প্রতিনিধিত্বে রিটার্ন জমার সময়সীমা পরিবর্তনের ফলে রাজস্ব আদায়ে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা জানানো হয়েছে। এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধন করা প্রয়োজন হয়ে পড়ে।

সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেয়ার পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমার নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কর্মদিবসে তা জমা দেয়া যাবে।

তবে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানি এবং শূন্য রিটার্ন জমাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

এর আগে, গত ৯ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান সংসদে অধ্যাদেশটি উত্থাপন করেন।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশটি জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) ধারা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।

অধ্যাদেশটিকে আইনে পরিণত করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে বিলের খসড়া প্রণয়ন করা হয় এবং মন্ত্রিসভা এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়। বাসস