ডাকাত, গ্রেফতার, পুলিশ
রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দিলদার হোসেন (৩৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের সাথে পুলিশের সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: মাসুদ আলম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বুধবার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়ায় জানে আলম প্রকাশ ডাকাত আলমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বসতঘরের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১২ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেনকে আটক করা হয়। তবে ডাকাত আলম, আজিজ বসসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়।

আটক দিলদারের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয় রাউন্ড সিসার কার্তুজ, চারটি রামদা, দুটি কটি ও দুটি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ডাকাত আলম ও আজিজ বসের নেতৃত্বে তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও আদায় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।’

সূত্র : বাসস