
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দুই দিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী তিন মাস বয়সী সিফাত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ও ১০ মাস বয়সী দ্রিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৮, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে ছয় ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন হাম রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪৬৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২, নর্থ ইস্টে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ২০, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৭০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭১ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








