তদন্ত কমিটি গঠন
খুমেক হাসপাতালে ডাক্তার লাঞ্ছনার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। নয়া দিগন্ত

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা: মিছবাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়।

Advertisement

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্র জানায়, গত ২৬ জুলাই খুলনা মেডিক্যাল কলেজের তৃতীয় তলায় অর্থোপেডিক্স বিভাগে কর্তব্যরত অবস্থায় ডা: জিল্লুর রহমান তরুণ, ইএনটি (নাক, কান, গলা) বিভাগের সহকারী অধ্যাপক ডা: আ ম জাফর সালেহ ও বহিরাগত ডা: মো: শফিউল আলম ডেভিডের নেতৃত্বে কয়েকজনের হাতে হামলা ও হেনস্থার শিকার হন। এ ঘটনার পর থেকে ডা. তরুণ হাসপাতালে ঢুকতে পারছেন না। 

তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বাস্থ্য অধিদফতরে আবেদন করেন। 

উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা: মিছবাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে খুলনা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এস এম মাসুম ইকবালকে। 

এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আক্তারুজ্জামান ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো: হুমায়ুন কবীর। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সাথে ডা: জিল্লুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের ওই পত্রে।

খুলনা মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সরকারি আদেশে গত ১ জুলাই খুলনা কলেজের ডিপ্লোমা ইন অর্থোপেডিকস কোর্সে ভর্তি হন ডা: জিল্লুর রহমান তরুণ। কোর্সের অংশ হিসেবে তিনি হাসপাতালে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত ২৬ জুলাই হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে তার ওপর হামলার ঘটনা ঘটে।