
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের ১১৪টি শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, ১১৪টি পদের মধ্যে গ্রেড-৬-এর টিম্বার প্রোডাক্ট স্পেশালিস্ট পদে একটি এবং প্রোগ্রামার পদে একটি ছাড়পত্র দেয়া হয়েছে।
এ ছাড়া গ্রেড-৯-এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৪টি, সহকারী পরিচালক (অর্থ) পদে চারটি এবং সহকারী প্রোগ্রামার পদে ১০টি পদ রয়েছে।
গ্রেড-১০-এর উপ-সহকারী প্রকৌশলী পদে ছয়টি, গ্রেড-১৩-এর পরিদর্শক পদে একটি এবং সহকারী হিসাবরক্ষক পদে পাঁচটি পদে নিয়োগের ছাড়পত্র দেয়া হয়েছে।
অন্যদিকে, গ্রেড-১৪-এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদে ১৪টি, গ্রেড-১৮-এর ডেসপাচ রাইডার পদে দু’টি এবং গ্রেড-২০-এর স্টোর হেলপার পদে দু’টি পদ রয়েছে।
আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ২০১০ সালের স্মারকের মাধ্যমে গঠিত পরিষদের শর্তাধীন পদে সাপেক্ষে বাপবিবোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দেয়া হয়েছে।
জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৬-এর পদগুলোর বেতনক্রম ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা, গ্রেড-৯-এর পদগুলোর ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং গ্রেড-১০-এর পদে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
এ ছাড়া গ্রেড-১৩-এর বেতনক্রম ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৪-এর ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৮-এর ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং গ্রেড-২০-এর ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখার উপসচিব মুহম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
সূত্র : বাসস








