
ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদককারবারি রাজা ওরফে পিচ্চি রাজা গাজীপুরে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকা তিনি পালিয়ে যান।
রাজা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন। তার বাবার নাম মোতালেব। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, মামলার শুনানিসহ হাজিরার জন্য রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রাজাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়। আদালতের কাজ শেষে গাজীপুরে কাশিমপুর কারাগারে নেয়ার পথে রাজা টয়লেটে চাপ দিয়েছে বলে চিৎকার শুরু করেন। প্রিজনভ্যানটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে সাথে থাকা এসআই তাকে টয়লেট করানোর জন্য নিচে নামান। এ সময় কৌশলে দৌঁড়ে পালিয়ে যান রাজা।
জেলার মাসুদ হাসান জুয়েল জানান, গাজীপুর থেকে রাজাকে ঢাকার আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল। হাজিরা শেষে রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার কাছে আসামি পুলিশকে টয়লেটে যাওয়ার কথা বলে। এরপর পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে টয়লেটে নিয়ে যায়। সেখান থেকে তিনি পালিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হোসেন বলেন, ‘প্রিজনভ্যানে ৩০ আসামি ছিলেন। তার মধ্যে পিচ্চি রাজা নামে একজন পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি কিভাবে পালিয়ে গেলেন, এ বিষয়ে কারোর কোনো গাফেলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিশ জানায়, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলার তথ্য পাওয়া গেছে। রাজা মূলত ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্প কেন্দ্রিক একটি মাদকচক্রের হোতা। গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর রাজাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।








