হাড় ভেঙে যাওয়া (ফ্র্যাকচার) প্রতিরোধের উপায় নিয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার
হাড় ভেঙে যাওয়া (ফ্র্যাকচার) প্রতিরোধের উপায় নিয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার। নয়া দিগন্ত
ads

বয়স বাড়ার সাথে সাথে মানবদেহের হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা ‘অস্টিওপরোসিস’ বর্তমানে বিশ্বজুড়ে এক নীরব জনস্বাস্থ্য সঙ্কটে রূপ নিয়েছে। বিশেষ করে চল্লিশোর্ধ্ব ও রজঃনিবৃত্তি-পরবর্তী (পোস্ট-মেনোপজাল) নারীরা এই রোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

এই নীরব ঘাতক ব্যাধির ভয়াবহতা রোধ এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির মাধ্যমে হাড় ভেঙে যাওয়া (ফ্র্যাকচার) প্রতিরোধের উপায় নিয়ে নীলফামারীর ডিমলায় চিকিৎসকদের এক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার (সিএমই সেশন) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ‘অস্টিওপরোসিস : ফ্র্যাকচার প্রতিরোধে আধুনিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই কন্টিনিউয়াস মেডিক্যাল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত হয়। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ডা: আবু হেনা মোস্তফা কামাল।

সভাপতির বক্তব্যে ডা: আবু হেনা মোস্তফা কামাল অস্টিওপরোসিসকে ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই রোগের প্রাথমিক পর্যায়ে কোনো সুনির্দিষ্ট উপসর্গ থাকে না। ফলে রোগী বুঝে ওঠার আগেই সামান্য আঘাতে বা পড়ে গিয়ে কোমর, মেরুদণ্ড ও কব্জির হাড় ভেঙে যাওয়ার মতো জটিলতায় পড়েন। ফ্র্যাকচার-পরবর্তী দীর্ঘমেয়াদী পঙ্গুত্ব ও মৃত্যুঝুঁকি এড়াতে রোগটি শনাক্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’

এ সময় তিনি রোগীদের মাঝে প্রাথমিক সচেতনতা তৈরিতে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ ও বিশেষজ্ঞ আলোচনায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আতিকুর রহমান খান পোস্ট-মেনোপজাল নারীদের হাড়ক্ষয়ের শারীরবৃত্তীয় কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি বলেন, ‘রজঃনিবৃত্তির পর নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হাড়ের ক্ষয় দ্রুতগতিতে বাড়তে থাকে। এ সময় দৈনন্দিন খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার রাখা অপরিহার্য।’

তিনি আরো বলেন, ‘কেবল খাদ্যাভ্যাস দিয়ে ঘাটতি পূরণ সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত কায়িক শ্রম, রোদে থাকা এবং অস্বাস্থ্যকর জীবনযাপন পরিহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

সেমিনারের মুক্ত আলোচনা পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিক্যাল অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। তারা ডিমলা উপজেলার প্রান্তিক ও গ্রামীণ জনপদের মানুষের মাঝে হাড়ক্ষয় রোগের ভয়াবহতা তুলে ধরতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত দেন।

চিকিৎসকরা জানান, গ্রামাঞ্চলের নারীরা দীর্ঘদিন কোমর বা পিঠের ব্যথায় ভুগলেও তা অবহেলা করেন, যা পরবর্তী সময়ে বড় ধরনের ফ্র্যাকচারের কারণ হয়ে দাঁড়ায়। তাই হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের কাউন্সেলিংয়ের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সেমিনারে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকবৃন্দ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্থানীয় ও আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।