গ্রেফতার মামলার প্রধান আসামি ফয়সাল মৃধা
গ্রেফতার মামলার প্রধান আসামি ফয়সাল মৃধা। নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে ধর্ষণে ব্যর্থ হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর পাঁচটি দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন-অর রশিদ হাওলাদার।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে ফয়সাল মৃধাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ফয়সাল। এতে ব্যর্থ হয়ে তিনি শিশুটিকে মারধর করেন। একপর্যায়ে শিশুটির সামনের তিনটি দাঁত উপড়ে পড়ে যায় এবং আরো দু’টি দাঁত ভেঙে যায়।

ঘটনার পর শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা গ্রেফতার হলেও ফয়সাল মৃধা আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।