ঋণ
ক্ষুদ্র উদ্যোক্তা ও সৌরবিদ্যুতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ । নয়া দিগন্ত

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫ শ’ কোটি টাকা দেয়া হবে বলে পিকেএসএফ থেকে জানানো হয়েছে।  
 
পিকেএসএফ ভবন-১-এ রোববার অনুষ্ঠিত পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। 

সভায় বাংলাদেশ ব্যাংক-অর্থায়িত কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এ অর্থায়ন করা হবে। এর মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।   

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫ শ’ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে পিকেএসএফ একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এ অর্থায়নের আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এ ছাড়া, পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলোর অনুকূলে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।