
পরকীয়া প্রেমিকের হাতে মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে হাসিনা নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার পরকীয়া প্রেমিক মাহাবুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার ভোরে ভাউলাগঞ্জ বাজার থেকে তাকে আটক করার পর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর রাতে হাসিনাকে বাড়ি সংলগ্ন ধানক্ষেতের আইলে ডেকে নেন মাহাবুল। সেখানে শারীরিক সম্পর্কের সময় একপর্যায়ে হাসিনার ঘাড় মটকে গিয়ে অনাকাক্সিক্ষতভাবে মৃত্যু ঘটে। ঘটনা ধামাচাপা দিতে মাহাবুল নিজের ফোন নম্বর ডিলিট করে সটকে পড়েন। পরদিন সকালে লাশ উদ্ধার হলে নিহতের ছেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করে আসামি গ্রেফতার করে। পুলিশ কর্মকর্তা আবু হোসেন জানান, প্রাথমিক জবানবন্দীতে পরকীয়া সম্পর্কের তথ্য এসেছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা।
ছাত্র হত্যার বিচারে বিক্ষোভ
গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন সাধারণ শিক্ষার্থী ও গ্রামবাসী। গতকাল রোববার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। গত ২৪ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ও তার বাবা গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়েরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে নড়াইল থেকে মামলার অন্যতম প্রধান আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করেছে। আন্দোলনকারীরা বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধি।
মানবপাচারকারী হোতা গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান ও ‘বিশু গ্যাং’ এর হোতা বিশু মণ্ডলকে গ্রেফতার করেছে এসআরবি-৬। গত শনিবার রাতে বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইতালিতে পাঠানোর নামে ভুক্তভোগীর কাছ থেকে প্রথমে ১৪ লাখ টাকা ও পাসপোর্ট নেয় সে। পরে তাকে দুবাই ও মিসর হয়ে লিবিয়ায় আন্তর্জাতিক মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়া হয়। লিবিয়ায় আটকে রেখে শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে দুই দফায় পরিবার থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাইব্যুনালে অভিযোগ করলে মুকসুদপুর থানায় মামলা হয়। এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার এএসপি অনির্বাণ দাস জানান, বিশুর বিরুদ্ধে আগেও মানব পাচার ও মাদকের মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা।
সীমান্তে বিপুল কসমেটিকস জব্দ
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিজিবির এক বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। গত শনিবার গভীর রাতে সাতানীপাড়া বিওপির একটি টহল দল দিগলকোনা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৭ পিস প্রসাধনী উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বকশীগঞ্জ থানায় জিডি করে জমা দেয়া হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত কঠোর অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে অর্পিত দায়িত্ব পালন করছেন। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
ছেলে হত্যার বিচার দাবি মায়ের
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক সোহাগ মিঝি হত্যার আট মাস পার হলেও বিচার না পাওয়ায় ও আসামিদের হুমকির মুখে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। নিহত সোহাগ নিখোঁজ হওয়ার দুই দিন পর বালিশচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, আসামিরা জামিনে বের হয়ে এখন পরিবারটিকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। কান্নাজড়িত কণ্ঠে সোহাগের মা সংবাদ সম্মেলনে তার এতিম নাতির ভবিষ্যতের কথা তুলে ধরেন। এ সময় হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। রায়পুর থানার জিডির পর সোহাগের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় কয়েকজন গ্রেফতার হলেও তারা এখন জামিনে মুক্ত। সংবাদ সম্মেলনে স্বজনেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক জানান, আসামিদের পক্ষ থেকে হুমকির বিষয়টি তদন্ত করে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।
মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে জেনারেটরের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বরান্তর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। বরান্তর গ্রামে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমিরুলকে জেনারেটরের সংযোগ দিতে বলা হয়। সংযোগ দেয়ার মুহূর্তেই আকস্মিকভাবে বিদ্যুৎ চলে এলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। থানার ওসি হাফিজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা।
অস্ত্রের রিলস বানিয়ে ৩ গ্যাংস্টার আটক
নোয়াখালীর হাতিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভিডিও বা রিলস তৈরি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তমরদ্দি ইউনিয়নের বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শেখ ওসামা আল জামান, সাকিব উদ্দিন ও আমজাদ হোসেন। পুলিশ জানায়, তারা ‘ওএসটি’ নামের একটি ফেসবুক ও টিকটক আইডি ব্যবহার করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী ভাবমূর্তি তৈরি করত। এই চক্রের ১৯ জন সক্রিয় সদস্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, দীর্ঘ পর্যবেক্ষণ ও অনুসন্ধানের পর তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত আইনে মামলা দিয়ে তাদের বিচারার্থে পাঠানো হচ্ছে এবং বাকিদের ধরতেও অভিযান চলছে। হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








