ইয়াবা উদ্ধারসহ আটক মাদককারবারি
ইয়াবা উদ্ধারসহ আটক মাদককারবারি। নয়া দিগন্ত

সিলেটে পৃথক তিনটি অভিযানে সাত হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থেকে তিনজনকে আটক করা হয়েছে।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকার কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে অভিযান চালানো হয়। এ সময় সাত হাজার পিস ইয়াবাসহ মো: হাসান মাহমুদ আবুল (৩৮) নামে একজনকে আটক করে পুলিশ।

আটক হাসান মাহমুদ আবুল কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের মরহুম আব্দুল মালিকের ছেলে।

এর আগে, একইদিন দুপুরে একই উপজেলার খলাছড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো: ছমির আহমদ স্বপন (৩৮) নামে একজনকে আটক করা হয়।

আটক ছমির আহমদ স্বপন জকিগঞ্জ উপজেলার চান্দশ্রীকোনা (দক্ষিণ খলাছড়া) গ্রামের মরহুম ইব্রাহিম আলীর ছেলে।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের টাওয়ারপাড়ায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ আব্দুস শুক্কুর (৪২) নামে একজনকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক শুক্কুর ঘুঙ্গাদিয়া গ্রামের মরহুম হাছন আলীর ছেলে।

জেলা পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ সাত হাজার ৭৭০ পিস। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৩১ হাজার টাকা। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৃথক তিনটি অভিযানের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।