
ঢাকার বুড়িগঙ্গা নদী সংলগ্ন আলীর ঘাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী আলীর ঘাট সংলগ্ন এলাকায় আজ ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি পলিথিন তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের এক হাজার ৬৩২ কেজি নিষিদ্ধ পলিথিন এবং দুই হাজার ৭৬৮ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, জব্দকৃত পলিথিন ও কাঁচামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








