
চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বেআইনিভাবে বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সংস্থা চাঁদপুর আল-আমিন সোসাইটি। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি অভিযোগ করেন, কুমিল্লা শিক্ষাবোর্ড বৈধ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া তোয়াক্কা না করে গত ২০ সেপ্টেম্বর সোসাইটির গঠিত বৈধ গভর্নিং বডি হুট করে বাতিল করেছে। যা হাইকোর্টের আদেশের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরো জানান, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সোসাইটির দক্ষ পরিচালনায় ২০২৫ সালে জুনিয়র বৃত্তিতে শিক্ষাবোর্ডে চতুর্থ এবং ২০২৬ সালের এসএসসিতে ২২৭ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে পঞ্চম স্থান অর্জন করেছে। বর্তমানে মূল ক্যাম্পাসের পাশাপাশি গুণরাজদী ও বাবুরহাটে শাখা ক্যাম্পাস পরিচালনা করা হচ্ছে। শাহজাহান মিয়া বলেন, শিক্ষাবোর্ড একটি চক্রকে সুবিধা দিতে উদ্দেশ্যপ্রণোদিত এই অযাচিত সরকারি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। তিনি অনতিবিলম্বে শিক্ষাবোর্ডের এই সিদ্ধান্ত বাতিল করে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাঁদপুরবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সেক্রেটারি এম এ লতিফ, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি।








