
দিনাজপুর প্রতিনিধি
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন। গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার প্রচেষ্টা যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। পুলিশের ওপর একক নির্ভরতা কমিয়ে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। গণসচেতনতা বৃদ্ধি পেলেই এই ব্যাধি নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিরামপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মন্ত্রী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








