ফেসবুক, হত্যা, প্রতিবেশী
মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিপক্ষে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন নজরুলের প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম।

নিহতের মেয়ে রুনা জানান, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা তাদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে ইট ও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ঘটনায় অভিযুক্ত ইমানের মেয়ে গোলাপীকে আটক করেছে পুলিশ।

কালুখালী থানার ওসি মো: মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধারসহ গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।’