
গত বছর বিশ্বজুড়ে সিনেমা হলে যত টিকিট বিক্রি হয়েছে, প্রায় সমানসংখ্যক যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছেন। বিমানে সিনেমা দেখা এখন প্রায় প্রতিটি দীর্ঘ যাত্রার অপরিহার্য বিনোদনে পরিণত হয়েছে। ফলে এটি হলিউডের জন্য বড় একটি ব্যবসায়িক বাজারে পরিণত হয়েছে।
ইউরোপিয়ান অডিওভিজ্যুয়াল অবজারভেটরির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৪৯৮ কোটি সিনেমার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) হিসাব অনুযায়ী, একই সময়ে প্রায় ৪৯৭ কোটি মানুষ উড়োজাহাজে ভ্রমণ করেছেন।
বিমানে বিনোদনসেবা সরবরাহকারী বিশ্বের বৃহত্তম স্বাধীন প্রতিষ্ঠান টেরি স্টেইনার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট টেরি স্টেইনার বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘বিমান সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছেও এটি একটি বড় বাজার।’
১৯৯৩ সালে নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সময়ের কথা স্মরণ করে স্টেইনার বলেন, তখন বিমান সংস্থাগুলো সাধারণত কেবিনের সামনের দিকে একটি বড় পর্দায় হাতে গোনা কয়েকটি সিনেমা দেখাত।
তিনি আরো বলেন, ‘প্রযুক্তির উন্নতির ফলে এখন বিনোদনের ব্যবস্থা অনেক বেশি ব্যক্তিগত পছন্দনির্ভর হয়ে উঠেছে।’
বর্তমানে যাত্রীদের আসনের পেছনে থাকা স্ক্রিনে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান, গান ও গেমের বিশাল সংগ্রহ থাকে। ফলে বিমানে সিনেমা দেখা এখন প্রায় প্রতিটি দীর্ঘ যাত্রার অপরিহার্য বিনোদনে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন ও চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন স্টেইনার বলেন, ‘বিভিন্ন কারণে মানুষ বিমানে সিনেমা দেখে। কেউ একই সিনেমা বারবার দেখেন, কারণ সেটি তাকে আনন্দ দেয়। আবার কেউ নতুন কিছু দেখতে চান। তারা হয়তো বলেন, আহা, সিনেমাটি যখন প্রেক্ষাগৃহে চলছিল, তখন দেখা হয়নি। এবার দেখতে চাই।’
তার প্রতিষ্ঠান চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ও বিমান সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। বর্তমানে প্রায় ১০০টি বিমান সংস্থাকে বিনোদনসেবা দেয়ার পাশাপাশি হাসপাতাল, কারাগার, প্রমোদতরী, বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতো বিভিন্ন প্রতিষ্ঠানেও সিনেমা ও অন্যান্য বিনোদনসামগ্রী সরবরাহ করে।
স্টেইনার জানান, প্রতিটি বিমান সংস্থার নিজস্ব বৈশিষ্ট্য ও যাত্রীদের পছন্দ আলাদা। তাই কোন বিমান সংস্থার জন্য কোন ধরনের সিনেমা সবচেয়ে উপযুক্ত, তা বেছে দেয়াই তার প্রতিষ্ঠানের কাজ।
দীর্ঘদিন টিকে থাকবে এ বাজার
বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড মার্কেটসের তথ্য অনুযায়ী, বিমানে বিনোদন ও ইন্টারনেট সংযোগসেবার বাজার ২০১৫ সালে ২৮৫ কোটি ডলার থেকে বেড়ে চলতি বছর আনুমানিক ৯৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
বিমান সংস্থাগুলোর মধ্যে তারবিহীন প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকাকে এ বাজার সম্প্রসারণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
বিমানে বিনামূল্যে ওয়াই-ফাই এবং বিভিন্ন অনুষ্ঠান বা সিনেমা ডাউনলোডের সুযোগ থাকায় যাত্রীরা এখন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের পছন্দের অনুষ্ঠান দেখতে পারছেন। পাশাপাশি নতুন প্রামাণ্যচিত্রও আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন।
স্টেইনার স্বীকার করেন, অনলাইন স্ট্রিমিংয়ের প্রসার সিনেমা হলগুলোর জন্য যেমন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, বিমানেও বিনোদনসেবার ক্ষেত্রে তেমন পরিবর্তন এসেছে।
তবে তার মতে, স্ট্রিমিংয়ের সাথে বিমানের বিনোদনসেবার সরাসরি কোনো প্রতিযোগিতা নেই। এটি কোনো প্রতিযোগিতা নয়। স্ট্রিমিংয়ের কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে না।
তিনি বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মে দর্শক যা দেখতে পারেন, আর আমরা যা সরবরাহ করি, তার মধ্যে পার্থক্য রয়েছে।’
দীর্ঘদিন ধরে উদ্ভাবন, নেতৃত্ব ও বৈশ্বিক বিমান পরিবহন শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি এপেক্স লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন স্টেইনার।
তিনি বলেন, ‘আমরা নতুন নতুন সিনেমা ও সদ্য মুক্তি পাওয়া ছবি সরবরাহ করছি। একই সময়ে অনলাইন স্ট্রিমিংয়ে সেগুলো দেখা সম্ভব হয় না।’
তার ভাষায়, ‘এ ব্যবসা হারিয়ে যাচ্ছে না। আরো দীর্ঘদিন টিকে থাকবে।’
বিমানে কোন ধরনের সিনেমা বেশি উপযোগী?
বিমানের যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশের নানা ধরনের সিনেমা ও অনুষ্ঠান দেখার সুযোগ পান। এসব সিনেমায় প্রয়োজন অনুযায়ী সাবটাইটেল যুক্ত করা হয় এবং বিমানে প্রদর্শনের উপযোগী করে সম্পাদনা করা হয়।
কিন্তু প্রশ্ন হলো, বিমানে দেখার জন্য কোন ধরনের সিনেমা সবচেয়ে ভালো?
হেসে স্টেইনার বলেন, ‘ভৌতিক ও রোমাঞ্চকর সিনেমা খুব একটা ভালো নয়। বিমান দুর্ঘটনা নিয়ে তৈরি সিনেমা তো একেবারেই না।’
তার মতে, বড় বাজেটের জনপ্রিয় সিনেমার পাশাপাশি কমেডি, রোমান্টিক কমেডি এবং নির্দিষ্ট ধরনের পারিবারিক ও সামাজিক নাটকও যাত্রীদের পছন্দের তালিকায় থাকে।
তবে এ বাজারের চাহিদা সব সময় অনুমান করা যায় না।
স্টেইনার বলেন, ‘ছোট বাজেটের কোনো শিল্পধর্মী সিনেমাও হঠাৎ জনপ্রিয় হয়ে উঠতে পারে। আবার হয়তো মাত্র কয়েকটি বিমান সংস্থা সেটি তাদের তালিকায় রাখবে, সেটাও আমাদের কাছে আনন্দের।’
তিনি আরো বলেন, ‘আবার প্রেক্ষাগৃহে বিপুল জনপ্রিয়তা পাওয়া কোনো সিনেমাও বিমানের যাত্রীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। অতিরিক্ত সহিংসতা, যৌনতা, বিষয়বস্তু কিংবা অন্য কোনো কারণে বিমান সংস্থাগুলো সেটি নিতে আগ্রহী নাও হতে পারে।’
বিমানে সিনেমা দেখার বিষয়টি এখন নিজস্ব সাংস্কৃতিক ধারায় পরিণত হয়েছে। এ নিয়ে বিভিন্ন ব্লগ ও বিশেষায়িত ওয়েবসাইটে নিয়মিত লেখা প্রকাশিত হয়। ৩০ হাজার ফুট উচ্চতায় ভ্রমণের সময় কোন সিনেমা দেখা যেতে পারে, সেসব নিয়েও দেয়া হয় নানা পরামর্শ।
গত সেপ্টেম্বরে প্রকাশিত এক লেখায় হার্পারস বাজার দীর্ঘ বিমানযাত্রাকে ফেলে রাখা ধ্রুপদি সিনেমা দেখার আদর্শ সুযোগ হিসেবে উল্লেখ করে। তাদের সুপারিশের তালিকায় ছিল ১৯৪২ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা ‘ক্যাসাব্লাঙ্কা’।
আর স্টেইনার নিজে বিমানে উঠলে কোন সিনেমা দেখবেন, সে বিষয়ে একেবারেই নিশ্চিত।
তিনি বলেন, ‘আমি অবশ্যই এমন কিছু দেখব, যা আগে কখনো দেখিনি।’
একদিন কি বিমানের সিনেমার জন্যও অস্কারে আলাদা বিভাগ চালু হতে পারে- এমন সম্ভাবনার কথা শুনে হেসে স্টেইনার বলেন, ‘এটা হলে কতই না ভালো হতো! আমি সত্যিই চাই এমন কিছু হোক।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









