নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাতের ভ্রাম্যমাণ আদালত রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালান
নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাতের ভ্রাম্যমাণ আদালত রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালান। নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়ে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগে তিন ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভবিষ্যতে চিকিৎসক পরিচয়ে চেম্বার করা এবং রোগীকে ব্যবস্থাপত্র দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাতের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্ট এলাকায় মা মেডিক্যালের মালিক শংকর দেবনাথ চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সূত্র জানায়, একই ধরনের অপরাধে আমিন মেডিক্যালের রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর মেডিক্যালের বাদল চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হিসেবে চেম্বার না করা এবং রোগীদের ব্যবস্থাপত্র না দেয়ার নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বিন আল জান্নাত বলেন, চিকিৎসক না হয়েও কিছু ব্যক্তি দিনের পর দিন বিভিন্ন ফার্মেসিতে চেম্বার করে রোগী দেখছিলেন। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২(২) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে প্রাথমিকভাবে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বিন আল জান্নাত বলেন, উপজেলায় যারা মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন অমান্য করে মানুষের সাথে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফাহাদ বিন আবু তৈয়ব ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা উপস্থিত ছিলেন।