ধর্ষণচেষ্টা, যুবক, আদালত, কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদরাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অপরাধে মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত মিরাজ নগরকান্দা উপজেলার বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে ভুক্তভোগী শিশুটি আসামি মিরাজের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় মিরাজ মিষ্টির প্রলোভন দেখিয়ে শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ ঘটনায় শিশুটির বাবা নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে নগরকান্দা থানার এসআই মনিরুজ্জামান অভিযুক্ত মিরাজে একক আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আনুষঙ্গিক প্রমাণাদি পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা আদালতে শতভাগ প্রমাণ করতে পেরেছি। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে ও রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।’

রায় ঘোষণার সময় আসামি মিরাজ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় প্রদান শেষে তাকে কড়া পুলিশি পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।