কুড়িগ্রামে মুয়াজ্জিন নিখোঁজ

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা 
কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রোকনুজ্জামান রিপন (২৫) নামের এক তরুণ মুয়াজ্জিন নিখোঁজ হয়েছেন। বের হওয়ার মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ রিপন উপজেলার তবকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো: জয়নুল আবেদীনের ছেলে। তার ঘরে তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। 
রিপনের স্বজনরা জানান, গত ভোরে নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে স্থানীয়রা তার নিজস্ব মুরগির দোকানের সামনে তার ব্যবহৃত টুপি, পাগড়ি ও বাইসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। স্বজনদের দাবি, রিপনের সাথে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না। 
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে। স্বজন ও এলাকাবাসী অবিলম্বে রিপনকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তিন মাসের কন্যাসন্তানকে নিয়ে পরিবারের সদস্যরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে উলিপুর থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।