সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় নয়া দিগন্ত

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং পরে থানা পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী সাংবাদিকদের মামলা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন মামলা গ্রহণ না করে অভিযোগটি রেখে দেন। চার দিনেও মামলা গ্রহণ না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তারা দাবি করেন। একই ঘটনায় আহত সাংবাদিকদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ নেয়া হয়েছে বলেও বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চড়ুইভাতি পার্টি সেন্টারে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ এখনো পুলিশ সংগ্রহ করেনি। একই সাথে এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও তারা অভিযোগ করেন।

সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁঞা ও সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ প্রমুখ বক্তব্য রাখেন।