
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর উদ্যোগে মালয়েশিয়া সফররত ব্যবসায়ী প্রতিনিধিদলে সদস্য হিসেবে অংশ নিয়েছেন ড. মুহিব্বুল্লাহ শাহিন।
২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে প্রতিনিধিদলটি দেশটির বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোক্তার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবে। পাশাপাশি মালয়েশিয়ার ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।
সফরকালে ড. মুহিব্বুল্লাহ শাহিন বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য মালয়েশিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।
এছাড়া প্রতিনিধিদলটি ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘Malaysia International Halal Showcase (MIHAS) 2026’-এ অংশ নেবে। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সাথে বাংলাদেশী ব্যবসায়ীদের বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে।
ড. মুহিব্বুল্লাহ শাহিন বলেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’
তিনি মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদলে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন বাজার, অংশীদারিত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।








