খাগড়াছড়ি
অনুষ্ঠানে  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্ম  হেলাল উদ্দীন এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক, মাল্টিমিডিয়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন নয়া দিগন্ত

শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে মেধাবীদের মূল্য়ায়ন করবে। কে কোন দল বা সম্প্রদায়ের তা বিবেচনা করা হবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে যত বেশি শিক্ষিত ও আলোকিত, সে তত বেশি এগিয়ে যাবে। এখন থেকে মেধার মূল্যায়ন করা হবে। কোনো প্রকল্প হাতে নেয়ার ক্ষেত্রে দল, ধর্ম, বর্ণ বা গোত্র বিবেচনা করা হবে না। সরকারি সব সুযোগ-সুবিধা মেধার ভিত্তিতে নিশ্চিত করা হবে। জনগণের জীবনমানের উন্নয়ন, নিরাপত্তা এবং মৌলিক চাহিদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সুবিধা জনগণের কাছে পৌঁছে দেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্পে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেয়া বা বঞ্চিত করার অবকাশ নেই। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কেউ নির্বাচিত হলে তিনি তার প্রাপ্য অধিকার পাবেন।

অনুষ্ঠানে  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্ম  হেলাল উদ্দীন এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক, মাল্টিমিডিয়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান যুগ্মসচিব শেখ ছালেহ আহম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো: সাদাত, পুলিশ সুপার মো: মোর্তজা আলী খান। 

অনুষ্ঠানে জেলায়  ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে দশ হাজার করে ৪৯ লাখ ৩০ হাজার এবং বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ২৮৫ জনকে ১৫ হাজার করে ৪২ লাখ ৭৫ হাজার মোট ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়া ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও জেলার প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দেয়া হয়।

এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সদর উপজেলার গিরিপুলে শিশু সদন ছাত্রাবাস এবং বেতছড়ি মুখ খালের ওপর গার্ডার ব্রিজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।