
টাঙ্গাইলের বাসাইলে সেতুর স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারি ঠিকাদার শাহ আলমকে গ্রেফতার করেছে বাসাইল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস আল মামুন-মেসার্স জাকির এন্টারপ্রাইজের ঠিকাদার এস এম জাহাঙ্গীর ও শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার বাসাইল জেসি-কাউল জানি ইউপি অফিস ভায়া মাইজ খাড়া জিপিএস সড়কে ১০ কোটি নয় লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৯০ দশমিক ছয় মিটার গার্ডার সেতুর স্লাব ঢালাইয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের আধারে রডের স্থলে বাঁশ ব্যবহার করে ঢালাই কাজ সম্পন্ন করে।
বিষয়টি জানাজানি হলে বাসাইল উপজেলা প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। পরে এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী ফাততাউর রহমান থানায় এজাহার দায়ের করলে পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’
উপজেলা প্রকৌশলী এলজিইডি কাজী ফাততাউর রহমান বলেন, ‘কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের আঁধারে সেতু নির্মাণ কাজে নিয়ম বহির্ভূত বাস ব্যবহার করায় ঠিকাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দায়িত্বে গাফেলতির কারণে উপজেলা উপসহকারী প্রকৌশলী মো: মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’








