লাশ
লাশের নমুনা ছবি সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের পাশের খাদ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেলওয়ের পাশের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের বিভিন্ন অংশ পচে ও গলে গেছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেলওয়ের পাশের খাদে এক নারীর ভাসমান লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, তারা খাদে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। মৃত্যুর আগে ওই নারীকে এলাকায় কখনো দেখেননি তারা। 

এলাকাবাসী ও পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। এ কারণে লাশের বিভিন্ন অংশ পচে ও গলে গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘রেলওয়ের পাশের খাদ থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলো, পিবিআই ও সিআইডিকে খবর পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিহত নারীর বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। তার চুল পাকা। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’