
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমলেও জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে।’
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করেন, ‘বিএনপি সরকার জনগণকে শোষণ করছে। নির্বাচনের আগে বলেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পরে ঠিক হবে। কিন্তু উল্টো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পর আরো অবনতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে রাষ্ট্রের অন্য দায়িত্ব পালন করছেন। ফলে দেশে এখন ভয়াবহ নৈরাজ্য তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘লং মার্চে গাড়ি বহর ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য তুলে ধরছেন। লং মার্চে গাড়ি বহরের কারণে পয়েন্ট শুন্য পাঁচ শতাংশ অতিরিক্ত জ্বালানি লাগেনি। সব থেকে বড় কথা জ্বালানি তেলের মূল্য কমালে তো লং মার্চ করতে হতো না।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঠিকভাবে আইনের আওতায় আনা যেত এবং বিচারের মুখোমুখি করা হতো তাহলে তারা দেশব্যাপী ককটেল বিস্ফোরণ, আগুনসহ কোনো ধরনের অরাজকতা করার সাহস পেত না। কিন্তু বিএনপি সরকার তাদের আইনের আওতায় না এনে তাদের অপরাধী কর্মকাণ্ড চালনার সুযোগ করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় বিএনপি আওয়ামী লীগকে ফেরার সুযোগ করে দিচ্ছে। তবে বাংলাদেশের মানুষ, এনসিপি নেতাকর্মীরা কোনভাবেই আওয়ামী লীগকে ফেরা তো দূরের কথা বিএনপিকেও ফ্যাসিবাদ হতে দিবে না।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলার সাংগঠনিক সম্পাদক এম এইচ সুমন, জামায়াতের কল্যাণী ইউনিয়ন পরিষদ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, এনসিপি কল্যাণী ইউনিয়নের আহ্বায়ক বেনজীর হোসেনসহ জামায়াত ও শিবির নেতাকর্মীরা।
আখতার হোসেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নথিপত্র দেখেন ও স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্দেশনা দেন।








