জয়পুরহাটে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আব্দুল জলিল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অপহরণের অপরাধে তাকে অতিরিক্ত ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আব্দুল জলিল পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোরনা গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন বিকেল ৩টার দিকে ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করে আসামি জলিল। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।