জামায়াতে ইসলামী
দক্ষিণ গফরগাঁওয়ের নিগুয়ারীতে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলা, আহত ৫ নয়া দিগন্ত

কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললি বাঁশতলী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—নিগুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শফিকুল ইসলাম হিরণ খান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম ও ৭নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজ। এ ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিগুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শফিকুল ইসলাম হিরণ খানের নেতৃত্বে একটি দাওয়াতি টিম এলাকায় গণসংযোগে বের হয়। দাওয়াতি টিমটি অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপির ২০/২৫ জন কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

নিগুয়ারীর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘নিগুয়ারীতে এর আগেও জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাগলা থানায় অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।’

তিনি আরো বলেন, ‘হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাবে না। নির্যাতন করে অতীতেও জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না।’

দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বলেন, ‘এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।