আটক
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস নয়া দিগন্ত

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী সুশান্ত চন্দ্র বিশ্বাসকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। এর আগে রোববার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মোংলামবস্তি চা বাগানে সীমান্ত  থেকে তাকে আটক করা হয়।

সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

৫৫ বিজিবি জানায়, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে টহলদল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, সুশান্ত ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিকভাবে নির্বাচন অফিসে কর্মরত। তবে প্রায় এক মাস ধরে তিনি কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আটকের সময় তার কাছ থেকে দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দু’টি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাফতরিক সিল ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। এসব পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটককৃতের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।