
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে স্টেশনে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি।







