
চুয়াডাঙ্গা শহরে ক্লিনিক ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে জেলার সকল ডাক্তারের ব্যক্তিগত চেম্বার, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী এই ধর্মঘট চলবে আগামীকাল মঙ্গলবার রাত পর্যন্ত।
ধর্মঘটের প্রথম দিনেই চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ চিকিৎসাপ্রার্থীরা। সকালে সরেজমিনে শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বার ঘুরে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতা ও রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে বন্ধ গেটের সামনে ভিড় জমাচ্ছেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি চিকিৎসক হাসানুজ্জামান নূপুর রোববার দিবাগত রাত ১১টার দিকে এ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসক লাঞ্ছনা ও ক্লিনিকে ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিএমএ এ সিদ্ধান্ত নিয়েছে। বিএমএর এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেলার সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতিও ৪৮ ঘণ্টার জন্য তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা থেকে সকল ক্লিনিক বন্ধ রাখার সংবাদ পাওয়া গেছে।
তবে বেসরকারি স্বাস্থ্যসেবা বন্ধ থাকলেও এ সময় সরকারি হাসপাতালের সব ধরনের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








