আইসিইউ সম্বলিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন
আইসিইউ সম্বলিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন নয়া দিগন্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইসিইউ সম্বলিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল কাইয়ুম খানের পরিচালনায় ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো: শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, শরীয়তপুরের সিভিল সার্জন ডা: রেহান উদ্দিন, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামচুল আলম দাদন মুন্সি, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সফিকুর রহমান কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় সকল নড়িয়াবাসীকে আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সকল সমস্যার অবসান করে হাসপাতালটি চালু করা সম্ভব হয়েছে। হাসপাতালটি চালু হওয়ায় এলাকার মানুষের আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরো বিস্তৃত হলো।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সব সময় জনগণের মৌলিক অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে। নড়িয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক স্বাস্থ্যসেবা। বিএনপি জনগণের পাশে থেকে স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবার মানোন্নয়নে কাজ করে যাবে। এ অঞ্চলের মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং নড়িয়ার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৫১ শয্যাবিশিষ্ট করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কাচা-পাকা স্থাপনা, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ফসলী জমি ও গাছপালা, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নদীগর্ভে বিলীন হয়। এ কারণে ২০১৮ সাল থেকেই উপজেলার প্রায় তিন লাখ মানুষ নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর উপজেলার চিকিৎসাসেবা প্রার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০২০-২১ অর্থবছরে ৫১ কোটি টাকা ব্যয়ে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় নির্মাণ কাজ শুরু করে ৫০ শয্যাবিশিষ্ট নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চারতলার হাসপাতালটির মূল ভবনের পাশাপাশি রয়েছে চিকিৎসক, নার্সদের নতুন আবাসিক ভবনসহ আরো পাঁচটি ভবন।

নতুন হাসপাতালটিতে রোগীদের জন্য আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধাসহ মুমূর্ষ রোগীদের জন্য রয়েছে পাঁচটি আইসিইউ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয়।

একই বছরের ১০ সেপ্টেম্বর উদ্বোধন করার কথা থাকলেও কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর মুলফৎগঞ্জে অবস্থিত পুরোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার কিছু লোকজনের উচ্চ আদালতে রিটের কারণে নতুন আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করতে পারেনি। জনস্বার্থে নতুন হাসপাতালটি দ্রুত চালু করার বিষয়ে জেলা উন্নয়ন সমম্বয় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নর্দেশনা অনুযায়ী শরীয়তপুর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ ও শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় রিট আবেদনটি নিষ্পত্তি হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

হাসপাতালটি চালু হওয়ায় নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় তিন লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।