নিষিদ্ধ জাল
উজিরপুরে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৯ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে ৮৩টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪টি ভোঁদাল (বা বোডা) জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিত মজুমদার। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: ফাহাদ, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো: রাজীব হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: মোর্শেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জালগুলো আলাদা করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিত মজুমদার বলেন, ‘নিষিদ্ধ জালের ব্যবহারে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। এতে জলাশয়ের স্বাভাবিক জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।’

তিনি বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও জেলেদের সচেতনতামূলক কার্যক্রম চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’