
পেস সহায়ক উইকেটে চার পেসার নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ান টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। তবে জোহানেসবার্গ টেস্টের দল থেকে এসেছে দুটি পরিবর্তন—চোটের কারণে টেম্বা বাভুমা নেই, ফিরেছেন আনরিখ নরকিয়া।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর বাভুমার জায়গায় একাদশে ফিরেছেন টনি ডি জর্জি। অন্য পরিবর্তনটি পেস আক্রমণে। ডেন প্যাটারসনের জায়গায় খেলবেন এনরিখ নরকিয়া।
প্রায় আড়াই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভালোই করেছিলেন নরকিয়া। ডারবানে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন তিনি। তবে গেবেখায় পরের টেস্টে মাত্র তিন ওভার বল করেই চোটে পড়েন।
এরপর জোহানেসবার্গ টেস্টেও খেলতে পারেননি। এবার পুরোপুরি ফিট হয়ে ফিরছেন ৩৩ বছর বয়সী এই গতিতারকা। সেঞ্চুরিয়ানের সবুজ ও বাউন্সি উইকেটে নরকিয়ার গতি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা হতে পারে।
দক্ষিণ আফ্রিকার একাদশে চার পেসারের সাথে থাকছেন স্পিনার সাইমন হার্মার। দুই পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডারও আছেন দলে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে দারুণ স্মৃতি নিয়ে ফিরছেন টনি ডি জর্জি। ২০২৪ সালে চট্টগ্রাম টেস্টে ১৭৭ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছিলেন তিনি। এবার অবশ্য ওপেনিং নয়, মিডল অর্ডারে ব্যাটিং করতে হবে তাকে।
জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আগামীকাল সোমবার দুপুর ২টায় মাঠে গড়াবে এই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









