বাকি এক শিক্ষার্থীর সন্ধানে চলছে অভিযান, (ডানে) স্থানীয়দের ভিড়
বাকি এক শিক্ষার্থীর সন্ধানে চলছে অভিযান, (ডানে) স্থানীয়দের ভিড় নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজের তিন ঘণ্টা পর দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, একইদিন দুপুর পৌনে ১টার দিকে মেঘনা নদীর পিরোজপুরের ভাটি বন্দর এলাকায় নিখোঁজ হয় তারা।

নিহত দুই জমজ ভাই হলো— মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো: ফারুকের ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবিদ (১৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থী মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যকার জমজ দুই ভাই আশিকিন ও আরিফিন নবম শ্রেণি ও আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

রোববার স্কুল যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তারা। কিন্তু স্কুলে না গিয়ে আদিয়ান ফারিজ নামে আরেকজনসহ তারা চার সহপাঠী একত্রিত হয়ে গোসলের উদ্দেশ্যে মেঘনা নদীতে নামে।

নদীতে নামার অল্প কিছুক্ষণের মাথায় আদিয়ান ফারিজ পানি থেকে উঠলেও বাকিরা তলিয়ে যায়। এরপর ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালায়। এরই পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে আরিফিন ও আশিকিনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আমাদের চারজন ডুবুরি ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দু’জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি এক নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।