চলছে উদ্ধার অভিযান, (ডানে) নদীতীরে স্থানীয়দের ভিড়
চলছে উদ্ধার অভিযান, (ডানে) নদীতীরে স্থানীয়দের ভিড় নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তিনজন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাদের খোঁজ মেলেনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে মেঘনা নদীর পিরোজপুরের ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলশিক্ষার্থীরা হলো— উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো: ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থী মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যকার জমজ দুই ভাই আশিকিন ও আরিফিন নবম শ্রেণি ও আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। রোববার স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তারা। কিন্তু স্কুলে না গিয়ে আদিয়ান ফারিজ নামে আরেকজনসহ তারা চার সহপাঠী একত্রিত হয়ে গোসলের উদ্দেশ্যে মেঘনা নদীতে নামে।

নদীতে নামার অল্প কিছুক্ষণের মাথায় আদিয়ান ফারিজ পানি থেকে উঠলেও বাকিরা তলিয়ে যায়। এরপর থেকে দুই ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের তিনজন ডুবুরি ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।