
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশালে সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন দাফতরিক কাজ, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে কাউখালী থেকে বরিশালে যাতায়াত করেন অসংখ্য মানুষ। তবে সরাসরি বাস না থাকায় তাদের একাধিক যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে সময় অপচয়ের পাশাপাশি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয়রা জানায়, কাউখালী থেকে বরিশালের দূরত্ব তুলনামূলক কম হলেও সরাসরি গণপরিবহন না থাকায় যাত্রীদের প্রথমে অটোরিকশা, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে করে নৈকাঠি কিংবা রাজাপুর যেতে হয়। এরপর সেখান থেকে বরিশালের বাসে উঠতে হয়। এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাউখালী উত্তর বাজারের ওষুধ ব্যবসায়ী মো: শহিদুল বলেন, ‘ব্যবসায়িক মালামাল কেনা এবং ব্যাংকসহ বিভিন্ন কাজে তাকে সপ্তাহে দুই-তিন দিন বরিশালে যেতে হয়। কিন্তু সরাসরি বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে নৈকাঠী কিংবা রাজাপুর যেতে হয়। পরে সেখান থেকে বরিশালের বাস ধরতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি খরচ হচ্ছে। মালামাল নিয়ে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে গিয়ে বাড়তি ভোগান্তিও পোহাতে হয়।’
দ্রুত কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান তিনি।
নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী মাইনুল হুদা জানান, তার বৃদ্ধ বাবাকে প্রায়ই চিকিৎসার জন্য বরিশালে নিতে হয়। সরাসরি বাস না থাকায় অসুস্থ রোগীকে নিয়ে বারবার গাড়ি পরিবর্তন করতে হয়। এতে রোগীর শারীরিক কষ্ট আরো বেড়ে যায়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বিষয়টি অত্যন্ত দুর্ভোগের।
একটি সরাসরি বাস সার্ভিস চালু হলে এ সমস্যা অনেকটাই কমে যাবে বলে তিনি মনে করেন।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কাউখালীর শিক্ষার্থী নাঈম ও ফেরদৌসী বলেন, ‘কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সকালবেলার ক্লাস ও পরীক্ষা ধরতে তাদের ভোরেই বাড়ি থেকে বের হতে হয়। কিন্তু সরাসরি বাস না থাকায় পথে গাড়ি পরিবর্তন করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। পাশাপাশি যাতায়াত খরচও বেড়ে যায়।’
শিক্ষার্থীদের সুবিধার জন্য অন্তত সকাল ও বিকেলে নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান তারা।
স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুরসহ বিভিন্ন রুটে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সাথে সরাসরি গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে বরিশালমুখী মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহল মনে করেন, কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। একই সাথে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।







