
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশু এবং ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৭৩ জনে এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক সামারিতে এসব তথ্য জানানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১১৬ শিশু।
চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট চার হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চার হাজার ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মারা গেছে ৭৩ শিশু।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন বছর। গত ৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবক। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে।
গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়। পরে শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১২৪ রোগী। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৪৬ জন নারী ও ১১ জন শিশু।
চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৪৬২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশুর মৃত্যু এবং ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।







