
পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদ এবং সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো: মিজানুর রহমান মিজান।
সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা বা রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন না মর্মে প্রজ্ঞাপন জারি; থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান না করা; থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ; দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠন।
সমাবেশে বক্তারা বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা বিলুপ্ত বা সীমিত করা হলে এর সাথে জড়িত বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বেন। তাদের দাবি, প্রায় দুই লাখ দলিল লেখকের পাশাপাশি সহায়তাকারী ও কম্পিউটার অপারেটরসহ প্রায় পাঁচ লাখ মানুষ এ পেশার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।
বক্তারা আরও বলেন, এসব মানুষের কর্মসংস্থান সংকুচিত হলে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিক ও সামাজিক সংকটে পড়তে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।
সমাবেশ থেকে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।
সমাবেশে পিরোজপুরের বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতারা ও দলিল লেখকরা অংশ নেন।







