
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং পরে বাদাঘাটে অবস্থিত কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
নির্বিঘ্নে হাঁটাচলা ও মুক্ত বাতাসে নিশ্বাস নেয়ার জন্য নগরবাসীকে একটি উন্মুক্ত সবুজ উদ্যান উপহার দিতে কারাগারের ভূমি সিলেট সিটি করপোরেশনকে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আধা-সরকারি (ডিও) পত্র দেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
পত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে। কমিটি সরেজমিন পরিদর্শন করে ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে প্রতিবেদন দেয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেই প্রতিবেদন পর্যালোচনার পর পুরোনো কারাগারের স্থলে পার্ক ও রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সিদ্ধান্তের এক দিন পরই শনিবার সিলেটে এসে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। দুপুর ১২টায় তিনি পুরোনো কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ও করেন। পরে ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে ও রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি পরিদর্শন করেন তিনি। এরপর সচিব বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
পরির্দশনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







