
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর অংশে সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নতুন যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রশস্তকরণ কাজ শেষ হলে এ পথে যান চলাচল আরো নির্বিঘ্ন ও নিরাপদ হওয়ার পাশাপাশি দুই উপজেলার সাথে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায়ও গতি আসবে।
নবীনগর-বাঞ্ছারামপুর সড়কটি বৃহত্তর ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ। সড়কটির উন্নয়ন হলে ঢাকা ও আশপাশের জেলার সাথে এ অঞ্চলের সড়ক যোগাযোগ আরো সহজ হবে। একইসাথে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে বাঞ্ছারামপুর অংশে কাজ শুরুর পর এখন নবীনগর অংশের কাজের উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নবীনগর অংশের কাজও উদ্বোধন করা হবে।







